বন্যাদুর্গত মানুষের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজিবি: চকরিয়ায় ত্রাণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে কক্সবাজারের চকরিয়ায় ত্রাণ ও চিকিৎসাসেবা নিয়ে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির উদ্যোগে আয়োজিত মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১,৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৭ জুলাই) সকালে চকরিয়া পৌরসভা, লক্ষ্যারচর ইউনিয়ন ও কাকারা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
ত্রাণ বিতরণের পাশাপাশি বিজিবির বিশেষ মেডিক্যাল টিম প্রায় ৭০০ জন বন্যাদুর্গত ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করে। স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
অনুষ্ঠানে বিজিবির কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, রামু সেক্টরের সেক্টর কমান্ডার, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) ও রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সংকট ও জাতীয় দুর্যোগে জনগণের পাশে থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। দুর্যোগকবলিত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।




























