বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

একনেকে অনুমোদনকৃত বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু করে জনভোগান্তি কমানোর দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(২৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সর্বস্তরের জনগণের ব্যানারে কয়েক হাজার নারী পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। উলিপুরের মুল সড়কে তীব্র যানজট কমাতে উলিপুর হেলিপ্যড থেকে বজরা চিলমারী বাইপাস সড়ক ৩ দশমিক ৩ কিলোমিটার নির্মানের জন্য ৬৮ কোটি ৫৩ লাখ টাকা একনেকে অনুমোদন হয়।

কিন্তু দীর্ঘদিনেও বাইপাসের জন্য জমি অধিগ্রহণ না করায় প্রকল্পের অর্থ ফেরত যাবার আশংকায় আজ এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বলে জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধনে অংশগ্রহণকারী এম এস স্কুলের ছাত্র আতিক বলেন,উলিপুরের মুল সড়কে এতবেশি জ্যাম লাগে যে আমরা সঠিক সময়ে স্কুলের ক্লাসে অংশ নিতে পারিনা।

ছাত্রী সেলিনা পারভীন বলেন,আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি বাইপাস হবে এখন যখন বরাদ্দ এসেছে তখন ভিন্ন কথা শুনছি।

এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র তারিক আবু আলা চৌধুরী, জামায়াতের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, জামায়াতের সুরা সদস্য আব্দুল জলিল, বিএনপির যুগ্ম আহবায়ক শিক্ষক নেতা ওবায়দুর রহমান বুলবুল, বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, শ্রমিক নেতা হামিদুর রহমান লিটন সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ সময় বক্তারা বলেন, বাইপাস সড়ক একনেকে পাশ হয়েছে। বাইপাস আমাদের প্রাণের দাবি। উলিপুরের উন্নয়নে জনভোগান্তি কমাতে, বাইপাস এর কাজ দ্রুত শুরু করতে হবে।