ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ।

মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে ঈশ্বরগঞ্জ থানাধীন ঈশ্বরগঞ্জ বাজার এলাকায় ময়মনসিংহ-টু-কিশোরগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন এক যুবককে তল্লাশি করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ আজিজুল মিয়া (২২)। তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কৃষ্টপুর, পাটগুদাম নিউ কলোনী এলাকার বাসিন্দা। তার পিতা হানিফ মিয়া এবং মাতা মোছাঃ আয়েশা বেগম বলে জানা গেছে।

অভিযান চলাকালে তার কাছ থেকে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহন ও ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহের অভিযোগের ভিত্তিতে নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা মাদকবিরোধী এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের আরও কঠোর ভূমিকা কামনা।