ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রোববার (৮ মার্চ) বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে নারী অধিকার, নারীর ক্ষমতায়ন ও সমাজে নারীর মর্যাদা বৃদ্ধির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে এবং বারী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে সমতা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা খাদ্য কর্মকর্তা নুসরাত বিনতে আনিস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা আজাদ সুমী এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের নারী সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।






























