ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলায় ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সানজিদা রহমান। মতবিনিময় সভায় উপজেলার শতাধিক ইমাম ও খতিব অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, গণভোট নিয়ে ইমাম ও খতিবদের সরকারি দিকনির্দেশনা মূলক কথাবার্তা বলেন, সে জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের গুজব, উসকানি কিংবা সহিংসতার আশ্রয় না নিতে তিনি সবাইকে আহ্বান জানান।
মডেল মসজিদের ইমাম মুফতি এহেসানুল্লাহ কাসেমী বলেন, মানুষ কাকে ভোট দিবে তা মানুষ জানে আমরা ভোট নিয়ে কোনো কথা বলে বিতর্কিত না হয়, আমরা গণভোটে মানুষ হ্যা ভোট দেয় সেই দিকে নজর দিব, ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলার ইসলামিক ফাউন্ডেশনে শিক্ষক সমিতির সভাপতি মাওলানা জিয়াউল হক বলেন, নির্বাচনকালীন সময়ে মসজিদকেন্দ্রিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ইমামদের দায়িত্ব। এ ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ধর্মীয় নেতাদের দায়িত্ব পালন করলে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব।
সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি, ১০ নং তারুন্দিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা রুহুল আমিন। তিনি বলেন, ইমাম সমাজ ঐক্যবদ্ধ থাকলে সমাজে শান্তি বজায় থাকে এবং যেকোনো অশান্তি প্রতিরোধ করা সহজ হয়।
মতবিনিময় সভা শেষে পাঠবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান ফারুকী দেশ, জাতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।






























