মানুষের দুর্ভোগ লাঘবে আবারও চেয়ারম্যান নোমান- কালভার্ট ও সড়ক সংস্কারে অর্থ ও নির্মাণসামগ্রী প্রদান

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মানুষের দুর্ভোগ লাঘবে আবারও মানবিক উদ্যোগ নিয়েছেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান। মৌলভীরকাটা এলাকার ভাঙা কালভার্ট মেরামত, নাপিতের চরের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারসহ ইউনিয়নের বিভিন্ন স্থানের ভাঙন ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে তিনি অর্থিক অনুদান, প্রয়োজনীয় নির্মাণসামগ্রী প্রদান এবং সংস্কার কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছেন।

সম্প্রতি চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ভাঙা কালভার্ট, ক্ষতিগ্রস্ত সড়ক এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো ঘুরে দেখে দ্রুত সংস্কারের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যার কারণে মৌলভীরকাটা এলাকার কালভার্ট এবং নাপিতের চরের গুরুত্বপূর্ণ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে চেয়ারম্যান নোমান দ্রুত প্রয়োজনীয় অর্থিক সহায়তা ও নির্মাণসামগ্রী প্রদান করে মেরামত কার্যক্রম শুরু করেন।

চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান বলেন, “জনগণের দুর্ভোগ কমানোই আমার অগ্রাধিকার। কচ্ছপিয়া ইউনিয়নের যেখানেই রাস্তা, কালভার্ট বা জনসাধারণের চলাচলের সমস্যা সৃষ্টি হবে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়নবাসীর স্বার্থে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যানের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, দুর্যোগের সময় জনপ্রতিনিধির এমন দ্রুত পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। তারা আশা প্রকাশ করেন, চলমান সংস্কার কাজ দ্রুত শেষ হলে মৌলভীরকাটা, নাপিতের চরসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।

এলাকাবাসীর মতে, কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান আবারও প্রমাণ করেছেন যে, যেকোনো দুর্যোগে তিনি কচ্ছপিয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের কষ্ট লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।