মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা

রাষ্ট্র পরিচালনার ইতিহাসে একটি পুরোনো সত্য বারবার ফিরে আসে, যে মানুষ কাজ করেন, তাকে নিয়ে আলোচনা হয়; আর যে মানুষ দৃশ্যমান পরিবর্তনের চেষ্টা করেন, তাকে ঘিরে বিতর্কও জন্ম নেয়। গণতান্ত্রিক সমাজে সমালোচনা যেমন স্বাভাবিক, তেমনি অপপ্রচার কখনোই সুস্থ রাজনীতির ভাষা হতে পারে না। কারণ সমালোচনা সত্যের অনুসন্ধান করে, কিন্তু অপপ্রচার সত্যকে আড়াল করার চেষ্টা করে। গণতন্ত্রে সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমালোচনা আর অপতথ্যের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। মতের বিরোধিতা হতে পারে, কিন্তু তথ্যের বিকৃতি কখনোই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না।
জনগণের আস্থা অর্জন করা যেমন কঠিন, তেমনি জনপ্রিয় কোনো ব্যক্তিকে বিতর্কিত করার চেষ্টাও নতুন কিছু নয়। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ঘিরে বিভিন্ন প্ল্যাটফর্মে যেসব অভিযোগ, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, সেগুলোর বাস্তবতার সঙ্গে মিল পাওয়া যায়না। সবচেয়ে আলোচিত অভিযোগ ছিল, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম তাঁর নামে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পরে প্রকাশ্যে আসা একটি চিঠিতে মীর শাহে আলম নিজেই এমন উদ্যোগকে ‘অনভিপ্রেত’ বলে উল্লেখ করেন এবং স্পষ্টভাবে জানান, তাঁর নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণ তিনি সমর্থন করেন না।
এসব ঘটনার পেছনে আমলাতন্ত্রের একটি পুরোনো তোষণপ্রবণ সংস্কৃতিও কখনো কখনো ভূমিকা রাখে। কোনো কোনো কর্মকর্তা বা স্থানীয় প্রশাসনের অতিরিক্ত উৎসাহে এমন কিছু উদ্যোগ নেওয়া হয়, যা সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তির ইচ্ছা বা নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। পরে সেই ঘটনাগুলোকেই রাজনৈতিকভাবে ব্যবহার করে ব্যক্তিকে বিতর্কিত করার চেষ্টা করা হয়। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে এ ধরনের অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য ও প্রমাণিত তথ্য প্রকাশ্যে আসেনি। বরং তাঁর পরিবার দীর্ঘদিন ধরেই আর্থিকভাবে স্বচ্ছল ও প্রতিষ্ঠিত, এমন তথ্য স্থানীয়ভাবে বহু মানুষের কাছেই পরিচিত। ফলে পারিবারিকভাবে অর্জিত সম্পদ ও অবৈধ সম্পদের অভিযোগকে এক করে দেখানো ন্যায়সঙ্গত নয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা যেতে পারে, কিন্তু তা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে নির্ভরযোগ্য প্রমাণ থাকা অপরিহার্য।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মীর শাহে আলমকে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে দেখা গেছে। কখনো শহরের অবকাঠামো উন্নয়নের কাজ পরিদর্শনে, কখনো গ্রামীণ সড়ক নির্মাণে অগ্রগতি দেখতে, কখনো নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি কিংবা সমবায়ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচি নিয়ে মাঠপর্যায়ে কাজ করতে। মন্ত্রণালয়ের দায়িত্ব কেবল দপ্তরে বসে নথি অনুমোদন করা নয়; মানুষের বাস্তব সমস্যা বুঝে তার সমাধান খোঁজা। সেই বাস্তবতার পথ ধরেই তিনি দিন-রাত দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন, এমন দৃশ্য গণমাধ্যমেও নিয়মিত উঠে এসেছে।
একজন জনপ্রতিনিধির পরিচয় কেবল তাঁকে নিয়ে লেখা শিরোনামে নয়; তাঁর পরিচয় লুকিয়ে থাকে মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাসে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দীর্ঘ রাজনৈতিক জীবনের শুরু স্থানীয় সরকার থেকেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মাঠের মানুষের সঙ্গে তাঁর পথচলা, পরে সংসদ সদস্য এবং বর্তমানে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন, এই দীর্ঘ যাত্রায় তিনি স্থানীয় সরকার ব্যবস্থার বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন।
একজন ইউনিয়ন চেয়ারম্যান জানেন গ্রামের রাস্তা ভেঙে গেলে কৃষকের কষ্ট কতটা বাড়ে। একজন স্থানীয় জনপ্রতিনিধি জানেন একটি সেতু নির্মাণ মানে শুধু ইট-পাথরের কাঠামো নয়; সেটি একটি গ্রামের অর্থনীতির নতুন সম্ভাবনা। একজন সংসদ সদস্য জানেন একটি বিদ্যালয়, একটি স্বাস্থ্যকেন্দ্র কিংবা একটি নিরাপদ পানির প্রকল্প কত শত পরিবারের জীবনে পরিবর্তন আনে। আর একজন মন্ত্রী হিসেবে সেই অভিজ্ঞতাকে নীতিনির্ধারণের পর্যায়ে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হয়। গত কয়েক মাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নানা উন্নয়ন উদ্যোগ আলোচনায় এসেছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, পল্লী উন্নয়ন কার্যক্রম এবং সমবায়ভিত্তিক কর্মসংস্থান, এসব ক্ষেত্র দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। রাজনীতি কখনো কেবল কথার শিল্প নয়; এটি মানুষের জীবনকে স্পর্শ করার দায়িত্ব। একটি রাস্তা নির্মাণ, একটি কালভার্ট, একটি ড্রেন, একটি বাজার, একটি পানির লাইন,এসব হয়তো জাতীয় সংবাদে বড় শিরোনাম হয় না, কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে বদলে দেয়। সেই কাজগুলোই নিরেব করে যাচ্ছেন মীর শাহে আলম।
ডিজিটাল যুগে তথ্যের গতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে অপতথ্যের বিস্তারও। একটি অসম্পূর্ণ ভিডিও, একটি সম্পাদিত ছবি বা একটি প্রসঙ্গবিচ্ছিন্ন বক্তব্য মুহূর্তের মধ্যে লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। পরে তার ব্যাখ্যা এলেও প্রথম বিভ্রান্তির প্রভাব অনেক সময় থেকেই যায়। এই বাস্তবতায় শুধু রাজনীতিক নয়, নাগরিক সমাজ, সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে তথ্য যাচাই করে মত গঠন করার। একজন মানুষকে মূল্যায়নের ক্ষেত্রে প্রশ্ন করা অবশ্যই জরুরি। কিন্তু সেই প্রশ্নের উত্তরও তথ্য, প্রমাণ এবং আইনি প্রক্রিয়ার ভিত্তিতেই খোঁজা উচিত। অভিযোগকে অভিযোগ হিসেবেই দেখা এবং প্রমাণিত তথ্যকে তথ্য হিসেবে গ্রহণ করাই ন্যায়বিচারের ভিত্তি।
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার সামনে এখন বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, দ্রুত নগরায়ণ, গ্রামীণ অবকাঠামোর চাহিদা, নিরাপদ পানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার মতো বিষয়গুলোতে ধারাবাহিক কাজের প্রয়োজন। এই বাস্তবতায় একজন মন্ত্রীর সাফল্যের বিচার হওয়া উচিত তিনি কতটা কার্যকর নীতি গ্রহণ করতে পেরেছেন এবং তার সুফল সাধারণ মানুষ কতটা পেয়েছে, সেই ভিত্তিতে। রাজনীতির ইতিহাসে আমরা বারবার দেখেছি, সময়ের পরীক্ষায় টিকে থাকে কাজ; ক্ষণস্থায়ী প্রচারণা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের ঝড় কয়েক দিনের, কিন্তু মানুষের কল্যাণে নেওয়া উদ্যোগের প্রভাব বহু বছরের।
মীর শাহে আলমকে ঘিরে সাম্প্রতিক সমালোচনা ও প্রচারণা নিয়ে পর্যবেক্ষক মহলের দাবি, এসবের লক্ষ্য কেবল তাঁকে নয়, বরং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করা। মীর শাহে আলমের জনপ্রিয়তা ও প্রধানমন্ত্রীর আস্থাভাজন হিসেবে তাঁর অবস্থানকে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব প্রচারণার মাধ্যমে রাজনৈতিক বিভাজন সৃষ্টি এবং সরকারের নেতৃত্বকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
কুয়াশা যত ঘনই হোক, সূর্য শেষ পর্যন্ত নিজের আলো নিয়েই উদিত হয়। মিথ্যার কোলাহল যত প্রবলই হোক, সত্যের কণ্ঠ শেষ পর্যন্ত নীরব থাকে না। তাই যে কোনো জনপ্রতিনিধির মূল্যায়ন হোক তাঁর বাস্তব কাজ, জবাবদিহি, নীতি ও জনকল্যাণমূলক উদ্যোগের ভিত্তিতে; গুজব, বিদ্বেষ কিংবা অপতথ্যের ভিত্তিতে নয়। রাষ্ট্রের অগ্রযাত্রায় প্রয়োজন যুক্তির শক্তি, প্রমাণের ভাষা এবং নাগরিক বিবেকের সততা।






























