নেত্রকোণায় ভাড়া বাসা থেকে ওয়ালটন কর্মচারীর লাশ উদ্ধার

নেত্রকোণা শহরের একটি বাসার কক্ষ থেকে ওয়ালটনের শোরুমের এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কুরপাড়ের তিতাস নগর এলাকায় ভাড়া বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার লাশ মোঃ আকাশ তালুকদার (৩০) আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের মৃত সোরাব তালুকদারের ছেলে।

তিনি শহরের সাতপাই এলাকায় জেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনের ওয়ালটন শোরুমে কর্মরত ছিলেন। আকাশ তিতাস নগরের মাহাবুল আলম মোহনের বাসায় ভাড়া থাকতেন।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, ঘরের মেঝেতে আকাশের মরদেহ দেখতে পেয়ে বাসাটির অন্য লোকজন পুলিশে খবর দেন। পরে নেত্রকোণা মডেল থানার পুলিশ গিয়ে নিজ কক্ষের খাটের বিছানার পাশে মেঝেতে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে লাশ উদ্ধার করে।

আকাশের গলায় বিদ্যুতের তার জড়ানো ছিল। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আকাশ হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। সবদিক মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে।