যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মুক্তারপুর মাঝেরপাড়া গ্রামে মাছের ঘেরের বিদ্যুৎচালিত মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়াউর রহমান (৫০) নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৭ জুলাই ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং সুলতান মোড় এলাকার পরিচিত সার ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় গ্রামপুলিশ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফজরের নামাজ আদায়ের পর জিয়াউর রহমান বাড়ির পাশের মাছের ঘেরে বিদ্যুৎচালিত মোটর চালু করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ দাফন করা হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






























