যশোরে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২, গ্রেপ্তার ৩৮

যশোরে অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে গত সোমবার রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনীর হাতে জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের নেতাকর্মী মিলিয়ে অন্তত ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের একটি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভায় অবৈধ অস্ত্র উদ্ধার, সহিংসতা প্রতিরোধ এবং ‘ফ্যাসিস্টদের’ দমনে বিশেষ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ শুরু হয়।অভিযানের প্রথম ধাপে সোমবার ও মঙ্গলবার রাতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৪ জন নেতাকর্মীকে আটক করা হয়।
ডিবির ওসি মোহাম্মদ আলী জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন ৯ নম্বর আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, সদর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য হোসেন আলী, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভি এবং চাঁচড়া ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেনসহ আরও অনেকে।
যশোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, দণ্ডবিধি, সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।






























