রাঙামাটিতে পঞ্চম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

রাঙ্গামাটিতে প্রতিবেশী এক যুবকের হাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নৃশংসভাবে খুন হয়েছে। এ ঘটনায় খুনি স্বপন চাকমা (২২) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।
সোমবার (১৭ আগস্ট) রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শিশুর নাম রুপন চাকমা (১২)। সে কাপ্তাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাইবোনছড়া পাড়ার বাসিন্দা লক্ষচা চাকমার ছেলে। পড়াশোনার সুবিধার জন্য সে জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় তার খালু আশ্বিনী কুমার চাকমার (৫০) বাড়িতে থাকতো বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল ৫ টার দিকে প্রতিবেশীর বাড়ির কাছ থেকে পানি আনতে যায় রিপন। সেখানে আগে থেকেই অবস্থান করছিল স্বপন চাকমা। একপর্যায়ে স্বপন শিশুটিকে ধরে একটি ঘরে নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, ওই ঘরে ধারালো ছুরি দিয়ে রিপনের বুকে পরপর দুইবার আঘাত করা হয়। পরে শিশুটি উঠে দাঁড়ানোর চেষ্টা করলে তার গলায়ও ছুরিকাঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে অভিযুক্ত স্বপন চাকমাকে আটক করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।”
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।






























