রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

সারা দেশের মতো পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও প্রাথমিকের বই বিতরণ করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি একইদিন মাতৃভাষায় বই পেয়েছে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা। এতে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবক।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় রাঙ্গামাটি সদর ”বনরুপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিউ রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই প্রদান উৎসবের উদ্বোধন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চ.দা.) মোঃ কফিল উদ্দিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, সদস্য নাইউ প্রু মারমা প্রমূখ।
জেলার দশ উপজেলায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ৩৩ লাখ ৩ হাজার ৯৭৪টি সাধারণ পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।
সারা দেশের প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব চললেও পাহাড়ের বই উৎসবে নতুন মাত্রা যোগ দিয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষায় বই বিতরণ। প্রথম দিনেই জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে দেয়া হয়েছে নিজ মাতৃভাষার বই।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, এ বছর মোট বই বিতরণ করা হবে ৩৯ লক্ষ ৬ হাজার ৪০০টি এরমধ্যে ৩৩ লাখ ৩ হাজার ৯৭৪টি সাধারণ পাঠ্যপুস্তক, রাঙ্গামাটি জেলায় চাকমা, মারমা, ত্রিপুরা ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হবে মাতৃভাষা বই ৬২ হাজার ৪২৬টি।





























