রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যার ২ আসামি গ্রেপ্তার

রাঙ্গামাটির বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় গৃহবধূ আয়েশা বেগম হত্যার ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব এ তথ্য জানান।
এসময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সপার- ইকবাল হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি– জসিম উদ্দিন, বরকল থানার ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম।
পুলিশ সুপার বলেন, গত ২১ জুন রাতে বরকল থানার ১ নম্বর শুভলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুনাছড়ি (ইসলামপুর) এলাকায় নিজ বসতঘরে আয়েশা বেগম (৪৯) হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও একটি হাতুড়ি আলামত হিসেবে জব্দ করে।
তিনি বলেন, নিহতের ছেলে আশরাফ আলীর দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে বরকল থানা ও শুভলং পুলিশ ফাঁড়ির সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল অভিযান চালিয়ে গত ২৪ জুন বরুনাছড়ি এলাকার বাসিন্দা মো. সোহাগ (১৭) ও ওমর আলী (১৯)-কে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সোহাগের বাড়ির ছাদে লুকিয়ে রাখা ১ লাখ ৬ হাজার টাকা এবং ওমর আলীর বাড়ির পাশের করলা বাগানে মাটির নিচে পুঁতে রাখা ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থের মোট পরিমাণ ১ লাখ ৯৯ হাজার টাকা।
তিনি বলেন, পুলিশের পেশাদারিত্ব, দ্রুত তদন্ত এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ড ও দস্যুতার এই ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।






























