রাঙ্গামাটি-২৯৯ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

রাঙ্গামাটি-২৯৯নং সংসদীয় আসনে গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী এম এ বাশারকে অবাঞ্ছিত ঘোষণা করে তার প্রতি সকল ধরনের দলীয় সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছে গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গণঅধিকার পরিষদ (জিওপি) রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র যুগ্ন সদস্য সচিব (দপ্তর) মো. তাইয়ুফ আজিজ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল আউয়াল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদ সবসময় জনগণের অধিকার, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে কাজ করে আসছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় ঐক্য ও পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তি-উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এম এ বাশারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে অসহযোগী আচরণ, সাংগঠনিক নির্দেশনার প্রতি অবজ্ঞা এবং দলীয় স্বার্থবিরোধী তৎপরতার অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উত্থাপিত অভিযোগসমূহ দলীয় তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা শাখার সর্বসম্মত সিদ্ধান্তে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে দলের সকল নেতাকর্মীকে তার পক্ষে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটি ২৯৯নং আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। দলীয় নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা, সার্বিক সহযোগিতা ও নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই বিষয়ে গণঅধিকার পরিষদের রাঙামাটির জেলার আহ্বায়ক ও প্রার্থী এম এ বাশার বলেন, ‘আমি মাঠেই আছি। দলের একটি অংশ সুবিধা নিতে না পেরে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বহিষ্কার কিংবা প্রত্যাহার একমাত্র কেন্দ্রই করতে পারে। আমি নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবো।