রাজনীতিমুক্ত ক্যাম্পাসে শিবিরের প্রকাশনার স্টিকার

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের বই প্রকাশনা প্রতিষ্ঠান আইসিএস পাবলিকেশনের স্টিকারে ছেয়ে গেছে সকল ধরণের রাজনীতি নিষিদ্ধ থাকা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাস।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্যাম্পাসের আবাসিক হলের নোটিশ বোর্ড, কেন্দ্রীয় মসজিদ, মেডিকেল সেন্টার, একাডেমিক ভবনের দেয়াল ও লিফট, ক্যাম্পাসের বিভিন্ন দেয়াল ও বৈদ্যুতিক খুঁটিতে আইসিএস পাবলিকেশনের লেখা সম্বলিত স্টিকার দেখতে পাওয়া যায়। সমসাময়িক সময়ে ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর নামে-বেনামে দৌরাত্ম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। যা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

রাহাত হোসেন নামে যবিপ্রবি’র এক শিক্ষার্থী বলেন, আমাদের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ। যে কেউ চাইলে কোন দলের প্রচারনা চালাতে পারে না। তারপরও আমরা দেখছি বিভিন্ন ফোরামে ও প্রকাশনীর লিফলেট বিতরণের মাধ্যমে ক্যাম্পাসে রাজনীতির জানান দেওয়া হচ্ছে যা আইনবিরোধী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি, শুরু আইন করে বসে থাকলে চলবে না।

আইসিএস পাবলিকেশনের লিফলেট প্রচার করা এক শিক্ষার্থী সাকিবুল হাসান। রাজনৈতিক সংগঠনের স্টিকার মারার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, যে স্টিকারগুলো লাগানো হয়েছে সেগুলো কোন রাজনৈতিক কোন কর্মকাণ্ড না। যে কেউ যে কোন কিছু পাবলিশ করতে পারে। এক্ষেত্রে কে কোন দল করে সেটা বিষয় না। এছাড়া আমরা এখানে কোন রাজনৈতিক কোন প্রচারনা চালায়নি। দোয়া এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক তথ্য সম্বলিত লিফলেট লাগিয়েছি। এটা কোন রাজনৈতিক কিছু না।

উল্লেখ্য, যবিপ্রবি’র ১০৩ তম রিজেন্ট বোর্ডের সভায় বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়। এছাড়াও যবিপ্রবির সকল শিক্ষার্থীদেরকে ‘‘Rules of Discipline for Students’’ এবং যবিপ্রবি আইন-২০০১” এর ধারা ৪৭ (৫) এবং “সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপীল সংক্রান্ত বিধি” এর বিধি-৩ এর (জ) (“কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রাজনৈতিক মতামত প্রচার করিতে পারিবেন না বা তিনি নিজেকে কোনো রাজনৈতিক সংগঠনের সহিত জড়িত করিতে পারিবেন না।”) যথাযথ অনুসরণ করার জন্য বলা হয়। উপরোক্ত আইন/বিধি ও সিদ্ধান্তের আলোকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সকল প্রকার রাজনীতি সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হয়।