শান্তিময় ময়মনসিংহের গৌরীপুর গড়তে ধানের শীষে ভোটের আহ্বান রাকিবুল ইসলাম রাকিব

দখলদারি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত গৌরীপুর গড়ে তুলতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, “ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে গৌরীপুরে এম ইকবাল হোসেইনের বিকল্প নেই। গৌরীপুরকে শান্তিময় ও বাসযোগ্য করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করতে হবে।”

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ১০টায় ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকার উত্তর বাজার স্টেশন রোড মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণার অংশ হিসেবে এ পথসভা অনুষ্ঠিত হয়।

রাকিবুল ইসলাম রাকিব আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের মতো গৌরীপুরেও ধানের শীষের বিজয়ের আশা ব্যক্ত করেন।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ, গৌরীপুর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে রাকিবুল ইসলাম রাকিব দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে সঙ্গে নিয়ে শ্যামগঞ্জ, কাউরাট, গোবিন্দপুরসহ বিভিন্ন এলাকায় পথসভা করে স্থানীয় ভোটারদের কাছে সমর্থন প্রার্থনা করেন।