সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী রাখাল নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তর রক্ষীবাহিনীর(বিএসএফ) গুলিতে সবুজ মিয়া(২২) নামে এক বাংলাদেশী গরুর রাখাল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসের নগর সীমান্তের ৮৬৪ ও ৮৬৫ নং পিলারের মাঝামাঝি জায়গায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া ওই এলাকার পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
সীমান্তবাসী ও বিজিবি জানায়, শমসের নগর সীমান্তের পেইন পিলার ৮৬৪ এর ৫ নং সাব পিলারের এলাকা দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় ভারতে গরু আনতে যায় রাখাল সবুজ মিয়া। এ সময় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা ভারতের অভ্যন্তরে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন সবুজ। পরে তার লাশ টেনেহেচড়ে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৬১ ব্যাটালিয়নের শমসের নগর বিওপি ক্যাম্প কমান্ডার কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ কে প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। একই সাথে পতাকা বৈঠকেরও আহবান জানানো হয়েছে।
বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৬১ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার আবুল কাসেম জানান, পতাকা বৈঠকের জন্য বার বার যোগাযোগ করা সত্বেও সড়া না দেয়ায় বিএসএফ’র উচ্চ পর্যায়ে যোগাযোগ চলছে।






























