নেত্রকোনার মদন পৌর সভায় যুবক নিজেই অপহরণ সাজিয়ে পরিবারের নিকট মুক্তিপণ দাবী

নিজেই আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজানোর অভিযোগে আশরাফুল নামের এক যুবককে আটক করেছে মদন থানা পুলিশ। আজ মঙ্গলবার (দুপুর আনুমানিক ১টা) পুলিশের উপস্থিতিতে এ চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার পৌর সদরের হাটশ হরিপুর গ্রামের আলম দরগা পাড়া সুখতা বিশ্বাসের ছেলে আশরাফুল নিজেকে অপহরণ করা হয়েছে এমন বিভ্রান্তিকর তথ্য নিজেই পরিবারের সদস্যদের জানান।

বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হওয়ায় পরিবারের পক্ষ থেকে মদন থানায় ৩ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে অপহরণের আশঙ্কা ও মুক্তিপণের বিষয় উল্লেখ থাকায় পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে নামে, তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয় যে, আশরাফুল প্রকৃতপক্ষে অপহৃত নন; বরং তিনি আত্মগোপনে রয়েছেন। পরে আজ দুপুরে মদন পৌর সভার নতুন বাসস্ট্যান্ড এলাকায় রায়হান নামে এক ব্যক্তির বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে আশরাফুল স্বীকার করেন, তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন এবং বাস্তবে কোথাও অপহৃত হননি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মদন থানার ওসি (তদন্ত)দেবাংশু দে জানান,
“আমরা অভিযোগের ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে উদ্ধার করি। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।