তরুণ ফুটবলার বাবুর পাশে ব্রাদার্স হোম সমাজকল্যাণ ফাউন্ডেশন

তরুণ ফুটবলার বাবুর অসুস্থতা ও চিকিৎসা সংকট নিয়ে সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তার হাত বাড়াতে শুরু করেছে বিভিন্ন মহল। এরই ধারাবাহিকতায় নান্দাইল উপজেলার সামাজিক সংগঠন ব্রাদার্স হোম সমাজকল্যাণ ফাউন্ডেশন বাবুর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে।
মাত্র ২০ বছর বয়সেই স্থানীয় ফুটবল অঙ্গনে নিজের দক্ষতা দিয়ে পরিচিতি তৈরি করেছিলেন বাবু। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তিনি এলাকায় একজন সম্ভাবনাময় ফুটবলার হিসেবে সুনাম অর্জন করছিলেন। তবে হঠাৎ এক খেলায় গুরুতর ইনজুরিতে তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। বর্তমানে এই ইনজুরির কারণে তার ফুটবল ক্যারিয়ারই ও তার স্বাভাবিক জীবন হুমকির মুখে পড়েছে।
বাবুর পরিবার জানায়, উন্নত চিকিৎসার জন্য প্রায় দুই লাখ টাকার প্রয়োজন। কিন্তু তার বাবা একজন রাজমিস্ত্রী হওয়ায় এত বড় অঙ্কের টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবারটি।
এদিকে ব্রাদার্স হোম সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সংবাদ প্রকাশের পর বিষয়টি তাদের নজরে আসে ও ঈশ্বরগঞ্জ এর কৃতি ফুটবলার আরিফ এর মাধ্যমে বাবুর সাথে যোগাযোগ হয়, মানবিক দৃষ্টিকোণ থেকে বাবুর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটি আশা প্রকাশ করেছে, সমাজের অন্যান্য ব্যক্তি ও সংগঠনও এগিয়ে এলে বাবুর চিকিৎসা দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষও মনে করছেন, যথাযথ চিকিৎসা পেলে বাবু আবারও মাঠে ফিরতে পারবে এবং তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে। তাই সবাইকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।






























