নেত্রকোনার মদনে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নেত্রকোনার মদন থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহান মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায়, মদন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের সময় হাজী সাদেক আলীর বাড়ির সামনের কাঁচা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেন এসআই(নিঃ) ফয়সাল, এসআই তারা মিয়া, এএসআই সাকিব, এএসআই হুমায়ুন কবীর ও কনস্টেবল মমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
মদন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোঃ জাহান মিয়ার বাড়ি মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী দক্ষিণ পাড়া গ্রামে। তার পিতার নাম মৃত ইনচান মিয়া। জাহান মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে আরও একটি মাদকের মামলা রয়েছে। এছাড়া একটি মাদক মামলায় তার বিরুদ্ধে ২ বছরের সাজা পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মদন থানার অফিসার ইনচার্জ মো: তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
মাদকের বিরুদ্ধে মদন থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।






























