দিনাজপুরের বীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় গৃহবধুর মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে আরতী রানী (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে ৩ নং শতগ্রাম ইউনিয়নের অর্জুনহার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরতী ওই গ্রামের শমারু বর্মনের স্ত্রী।স্থানীয় লোকজন জানান, শনিবারের সন্ধ্যায় খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রীর ঘরে শুয়ে পড়েন। এসময় ঝড় ও তীব্র বাতাসে বাড়ির পাশের একটি বিশাল গাছ ভেঙে সরাসরি বসতঘরের ওপর আছড়ে পড়ে।

ঘরের ভেতরে খাটের ওপর থাকা অবস্থায় গাছের বড় অংশ আরতী রানীর শরীরের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনায় আহত হন স্বামী শমারু বর্মন। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।