নেত্রকোনার মদনে হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

নেত্রকোনার মদনে হাওর থেকে গরু আনতে গিয়ে আমিনূল ইসলাম এরশাদ (৬৫) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। রোববার ২৪ মে সকালে বাড়ির সামনের হাওরে এ ঘটনা ঘটে। আমিনূল ইসলাম এরশাদ উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত এলাহি নেওয়াজ খানের ছেলে।

মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মনসুর আহমেদ।তিনি জানান, সকালে বাড়ির সামনের হাওর থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে অচেতন হয়ে পড়েন আমিনূল ইসলাম এরশাদ। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মদন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মদন থানার ওসি তদন্ত অসীম কুমার জানান, বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম জানান, আমি শুনেছি বজ্রপাতে একজন কৃষক মারা গেছেন। মৃত ব্যক্তির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।