কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক

ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানের জায়গা হয়নি ফ্রান্সের জাতীয় দলে। আন্তর্জাতিক ফুটবলে জিদানপুত্র খেলছেন আলজেরিয়ার হয়ে।
বুধবার আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তিনিই সামলেছেন আলজেরিয়ার গোলপোস্ট। এদিন বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ৩-০ গোলে পরাজয়ের ম্যাচে সকলের নজর কেড়েছে জিদানপুত্রের মুখে থাকা কালো রঙের ফেস মাস্ক।
লুকা কেন এই বিশেষ মুখোশ পরে খেলছেন, সেই প্রশ্ন হয়তো অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। অনেকেই এটিকে স্টাইল ভেবে নিলেও আসলে এর পেছনে রয়েছে গুরুতর ইনজুরির বিষয়। দ্য সানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
২৮ বছর বয়সী লুকা জিদান গত বছর আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি স্পেনের ক্লাব গ্রানাদার গোলরক্ষক। তবে বিশ্বকাপে খেলার স্বপ্নটা কয়েক মাস আগেও অনিশ্চিত হয়ে পড়েছিল তার জন্য।
জানা যায়, গত এপ্রিলের শেষ দিকে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গিয়ে এক সংঘর্ষে তার চোয়াল ও থুতনিতে আঘাত লাগে এবং পরে মুখের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে। সাধারণত এ ধরনের চোটে দীর্ঘ সময় বিশ্রাম ও অস্ত্রোপচারের প্রয়োজন হয়।
তবে বিশ্বকাপে খেলার লক্ষ্য থাকায় তিনি বড় ধরনের সার্জারি পিছিয়ে দেন। চিকিৎসকদের পরামর্শে তার জন্য বিশেষ কার্বন ফাইবারের একটি সুরক্ষামূলক ফেস মাস্ক তৈরি করা হয়, যা আঘাতের চাপ ছড়িয়ে দিয়ে মুখের ক্ষতিগ্রস্ত অংশকে সুরক্ষা দেয়।
বিশ্বকাপ শুরুর আগে নিজের শারীরিক অবস্থার বিষয়ে লুকা বলেছিলেন, ‘আমি এখন ভালো আছি, আর কোনো ব্যথা নেই। অস্ত্রোপচার সফল হয়েছে। পাঁচ সপ্তাহ পেরিয়ে গেছে। দুই সপ্তাহ আগে আবার মাঠে অনুশীলন শুরু করেছি। ফিরে আসতে পেরে আমি খুবই খুশি।’
উল্লেখ্য, লুকা জিদান ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার জিনেদিন জিদানের ছেলে। ফ্রান্সে জন্ম হলেও পারিবারিকভাবে আলজেরিয়ার সঙ্গে সম্পর্ক থাকায় লুকা আলজেরিয়া জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। এখন ইনজুরির পরও এই মাস্ক পরে তিনি দলের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।





























