কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়লো ১০দিন

কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষার লক্ষ্যে মৎস্য সম্পদের আহরণের উপর তিন মাসের (মে থেকে জুলাই) নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিটির সভাপতি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটির ব্যবস্থাপক ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙ্গামাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেনসহ মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবী সংগঠনের নেতারা।

জেলা প্রশাসন জানায়, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে গত ২৫ এপ্রিল থেকে তিন মাসের জন্য মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রজনন মৌসুম সম্পন্ন হওয়ায় আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১১ আগস্ট সকাল ৬টা থেকে হ্রদের মাছ আহরণ, পরিবহন ও বিপণন করা যাবে।

সভায় উপস্থিত কর্মকর্তা, মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতারা মাছ ধরার নিষেধাজ্ঞা ১০ দিন বাড়ানোর বিষয়ে একমত হয়ে বলেন, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দ্রুত কাপ্তাই হ্রদে পানি বাড়লেও মাছের গঠন বৃদ্ধি পায়নি। এছাড়া এখনও কাপ্তাই হ্রদের পানির রঙ ঘোলা রয়েছে, যা মাছ আহরণের ক্ষেত্রে বড় বাধা।