পিরোজপুরের মঠবাড়িয়ায স্কুল দপ্তরী মাদকসহ গ্রেপ্তার:মাদক সরবরাহকারী পলাতক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ১৪ পিস মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ স্কুল দপ্তরী দুলাল ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে টিকিকাটা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রীজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।মাদক সরবরাহকারী হিসেবে মামলার অন্য আসামী আব্দুল্লাহ আল মারুফ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

দুলাল ফরাজী পশ্চিম সেনের টিকিকাটা (১ নং ওয়ার্ড) এলাকার মৃত আঃ সত্তার ফরাজীর ছেলে এবং ৬৭ নং পূর্ব সেনের টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী। পলাতক আসামী আব্দুল্লাহ আল মারুফ মঠবাড়িয়া পৌর শহরের ৪ নং ওয়ার্ড থানাপাড়া এলাকার মৃত এম এ মন্নানের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়,আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে এলাকায় ব্যাপক জনশ্রুতি রয়েছে। গ্রেফতারকৃত আসামী দুলাল ফরাজী পলাতক আসামী আব্দুল্লাহ আল মারুফের নিকট থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে মঠবাড়িয়া পৌরসভা সহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছে।

ঘটনার সময় মঠবাড়িয়া থানার এসআই হৃদয় চাকলাদার ও এএসআই বেলাল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানের উদ্দেশ্যে মঠবাড়িয়া পৌর শহরের পাথরঘাটা বাসস্ট্যান্ডে অবস্থান করছিল।এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। দুলাল ফরাজীকে জিজ্ঞাসাবাদ করা হলে উপস্থিত লোকজনের সামনে জিন্সের প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা স্বচ্ছ পলিথিন মোড়ানো ১৪ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান জানান,ওই দপ্তরীর বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিতভাবে আমাদের অবগত করেছে।আমরা মতামতের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে বিষয়টি অবগত করেছি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান,মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।পলাতক আসামীকে গ্রেফতার করা হবে।