লালমনিরহাটের হাতীবান্ধায় প্রিপেইড মিটার বাতিল ও লোডশেডিং বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

“তোর মিটার তুই নে, আগের মিটার ফিরিয়ে দে”, “প্রিপেইড মিটার বাতিল করতে হবে”-এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা। প্রিপেইড মিটার বাতিল ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার মেডিকেল মোড় গোলচত্বর এলাকায় হাতীবান্ধা সচেতন নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে আন্দোলনকারীরা হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, হাতীবান্ধা সচেতন নাগরিক ঐক্য পরিষদের সমন্বয়ক শামসুল আলম বুলেট, ফারুক হোসেন, ফিরোজ হোসেন, নজরুল, কমরেড সৈকত ও সবুজ সরকার।
বক্তারা বলেন, প্রিপেইড মিটার চালুর পর থেকে সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এর সঙ্গে ঘন ঘন লোডশেডিং যুক্ত হয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পদ্দার ও হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল জামান।
এসময় শত শত গ্রাহক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। পরে বিক্ষোভকারীরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


















