১১ বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের রামুতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। বিজিবির টহলদলের ধাওয়া খেয়ে ইয়াবাভর্তি বস্তা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।
শনিবার (১৫ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৪৮/৪ এস ও শূন্য লাইন থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোছড়ি, তোন্দুলেরমুখ এলাকায় বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
এ সময় বিজিবির টহলদল কয়েকজন চোরাকারবারিকে অবস্থান করতে দেখে তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা একটি বস্তা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়।
পরে বিজিবির টহলদল বস্তাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২০ কাটে থাকা ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারিও বজায় রাখা হয়েছে।




























