সামাজিক অপরাধ প্রতিরোধে ফুটবল ম্যাচ

‘মাদক; জুয়া; ক্যাসিনো; বাল্যবিবাহকে না বলি, রুখে দাঁড়াই’-শ্লোগানে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাজরাণীয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে আন্ত:বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ।জমজমাট এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী-শিক্ষক, অবিভাবকসহ এলাকার সাধারণ মানুষের উচ্ছাস তৈরি হয়।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় এ ম্যাচ। ম্যাচটিকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।ম্যাচ শুরুর আগে সঙ্গীত পরিবেশন করা হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে মাঠ পরিভ্রমন শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় খেলা। এতে বিদ্যালয়টির দুটি দল অংশ নেয়।
তুমূল প্রতিয়োগিতা পূর্ণ খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। পরে ট্রাইবেকারে ডায়নামিক বয়েজ ১-০ গোলে টর্নেডো এফসি-কে পরাজিত করে।পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেদ পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব প্রমুখ।
স্থানীয়রা বলছেন, উৎসবমুখ পরিবেশে এ ধরণের আয়োজন হলে মাদক-জুয়ার প্রভাব থেকে নতুন প্রজন্ম মুক্ত থাকতে পারবে। অন্যদিকে শিক্ষার্থীরাও বেশি বেশি এ ধরণের আয়োজনের দাবি জানিয়েছে।






















