খুলনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান, ৬ গাড়ি থেকে ১২ হাইড্রোলিক হর্ন জব্দ

শব্দদূষণ নিয়ন্ত্রণে খুলনার সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ছয়টি গাড়িকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে সোনাডাঙ্গা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২৫ থেকে ৩০টি যানবাহন তল্লাশি করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় ছয়টি গাড়িতে অনুমোদিত শব্দমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্নের ব্যবহার পাওয়া যায়। পরে ওই গাড়িগুলো থেকে মোট ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ৪ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আসিফ আলম।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের খুলনা জেলা ও বিভাগীয় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় খুলনা জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
এদিকে শুধু জরিমানা বা হর্ন জব্দের মধ্যেই অভিযান সীমাবদ্ধ ছিল না। শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে চালক ও সাধারণ মানুষকে সচেতন করতে অভিযানের সময় লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।





























