কাপ্তাই হ্রদের মৎস্য উৎপাদন বাড়াতে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে: দীপেন দেওয়ান

কাপ্তাই হ্রদ শুধু মৎস্য ভান্ডার নয়, এটি পাহাড়ের মানুষের জীবন-জীবিকারও গুরুত্বপূর্ণ উৎস। কাপ্তাই হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বাড়াতে অবৈধভাবে মাছ আহরণ বন্ধের পাশাপাশি হ্রদের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে।

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি একথা বলেন।

তিনি বলেন, কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে জেলেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি রাঙ্গামাটির অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে। কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদ রক্ষায় পরিকল্পিত ও টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রবিবার (১৬ আগষ্ট) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ।

এর আগে রাঙ্গামাটি জেলা পরিষদ প্রাঙ্গন থেকে রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে গিয়ে শেষ হয়। র‌্যালীতে জনপ্রতিনিধি, জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, জেলে, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।