জামালপুরে গাঁজাসহ নারী আটক

জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের একটি দল বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকাগামী এক নারীকে সন্দেহ হলে তার সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মনোয়ারা বেগমকে আটক করে পুলিশ।

আটক মনোয়ারা বেগম চর আমখাওয়া ইউনিয়নের সিলেটপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে তাকে জামালপুর জেলা আদালতে পাঠানো হয়।

ওসি আরও জানান, দেওয়ানগঞ্জকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।