রাঙ্গামাটিতে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত

দেশে নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ‘নৌযান শুমারি ২০২৬’ উপলক্ষ্যে রাঙ্গামাটিতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে আয়োজিত র্যালিটি রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফিশারী ঘাট পর্যন্ত যায়।
র্যালিতে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোঃ নুর উজ জমান। এসময় আরো উপস্থিত ছিলেন কাপ্তাই পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি মজুমদার, পরিসংখ্যান সহকারী কাজী মশিউর রহমান, পরিসংখ্যান সহকারী মো. পারভেজ হাসান প্রমুখ।
জানা যায়, আগামী ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে এই শুমারি পরিচালিত হবে। দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের তথ্যভান্ডার তৈরির পাশাপাশি নৌপরিবহন খাতের উন্নয়ন পরিকল্পনায় প্রয়োজনীয় পরিসংখ্যান সংগ্রহ করাই এ শুমারির মূল উদ্দেশ্য।






























