রাঙামাটিতে ৪৬টি মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।

সভায় জানানো হয় যে, এ বছর রাঙামাটি জেলাজুড়ে মোট ৪৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক সমন্বয় সাধনে জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে কাজ করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব (পিপিএম), পৌর প্রশাসক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদ সদস্য ও পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক নন্দিতা দাস এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (রাঙামাটি)-এর ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কান্তি মহাজন। এছাড়া বিভিন্ন সংগঠন ও পূজা মণ্ডপের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “সম্প্রীতি ও সৌহার্দের জন্য পরিচিত রাঙামাটিতে সর্বজনীন দুর্গাপূজা উৎসবটি যাতে সবাই আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সেজন্য প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সকলের সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর ও স্মরণীয় দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হবে।”