পার্বত্য অঞ্চলে শিক্ষক সংকট নিরসন ও অবকাঠামো উন্নয়নের দাবিতে পিসিপি’র বিক্ষোভ সমাবেশ

৬৪তম শিক্ষা দিবস উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা সংক্রান্ত সংকট নিরসন, বৈষম্য দূরীকরণ এবং সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক শিক্ষানীতি প্রণয়নপূর্বক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে দাবীতে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সুমন চাকমা, পিপিপি’র সাধারণ সম্পাদক অন্তর চাকমা, পিসিপি’র সাংগঠনিক সম্পাদক সজল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি কবিতা চাকমা।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন ও অবকাঠামোগত উন্নয়ন; সারা দেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আদিবাসীদের জন্য ৫ শতাংশ ভর্তি কোটা নিশ্চিত করা; পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু ও পর্যাপ্ত দক্ষ শিক্ষক নিয়োগ; পার্বত্য চট্টগ্রামের মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসমূহে আবাসন সংকট দূরীকরণে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস স্থাপন, এবং জুম্ম জাতিসমূহের প্রধান সামাজিক উৎসব বিজু, বিষু, বৈসু, সাংগ্রাই, চাংক্রান, সাংলান, পাতা, বিহু উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা করা।

এছাড়া, সমাবেশে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে অবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যও তারা জোরালো দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ শেষে রাঙ্গামাটির জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর বরাবর স্মারকলিপি দেন।