সাতক্ষীরায় ‘স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও অফিস উদ্বোধন

বৃক্ষরোপণ, রক্তদান, অসহায়দের খাদ্য ও বস্ত্র বিতরণ, বিধবাদের ছাগল এবং চলাচলে অক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার দেওয়াসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ‘স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’। এসব কার্যক্রমের মধ্য দিয়ে তৃতীয় বছরে পদার্পণ করেছে সংগঠনটি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের মেহেদীবাগ বাইপাস এলাকায় সংগঠনটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজনুর রহমান মালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. মুকুল হোসেন, অ্যাডভোকেট রোকনুজ্জামান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান, আব্দুল হামিদ গাজী এবং সহকারী অধ্যাপক মাওলানা মো. আবুল হাসান। এছাড়া বক্তব্য দেন সংগঠনের সহকারী উপদেষ্টা মো. জিল্লুর রহমান আলফা ও মো. নুরুল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তার পলাশ, সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মোসলেম আলী, প্রচার সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন, দপ্তর সম্পাদক নাঈম, সদস্য আমিরুল ইসলাম ও মো. খায়রুল ইসলামসহ ২৭ টি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি, দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ, অসহায়দের ভ্যান প্রদান, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ বিতরণ, দরিদ্র বিধবাদের ছাগল দেওয়া, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, রমজানে মসজিদ ও দরিদ্রদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ এবং চলাচলে অক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার প্রদান।

এ সময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় ২৭ টি সামাজিক সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মানবিক কার্যক্রমে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।