ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষা প্রতিষ্টানে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে মাজেদ এমপি

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে শিক্ষার মানোন্নয়ন,শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব লুৎফুল্লাহেল মাজেদ এমপি।এছাড়াও তিনি ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

অনুষ্ঠানে শিক্ষার সার্বিক পরিবেশ ও মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাজেদ বলেন,একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা,শৃঙ্খলা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও দৃঢ়চিত্তে বলেন,শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি ও নিয়োগ বাণিজ্যের কোনো সুযোগ থাকবে না।এটা আমার নির্বাচনী অঙ্গিকার। রাজনৈতিক পরিচয়ে কেউ প্রভাব বিস্তার করলে প্রতিষ্টানে সেই ব্যাক্তির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও এমপি মাজেদ আরও বলেন শিক্ষক ও শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে তাদের মেধা,যোগ্যতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে।শিক্ষার পরিবেশ সুন্দর ও স্বচ্ছ রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে সন্তানদের পড়াশোনার প্রতি নজরদারি বাড়ানোর পাশাপাশি তাদের মানসিক বিকাশ ও নৈতিক শিক্ষার দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কামরুল আলম।বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।আয়োজকরা জানান শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।