যশোরের রাজগঞ্জে কৃষকের বাড়ি থেকে বাছুরসহ দুই গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চন্ডিপুর গ্রামে কৃষক সোহাগ হোসেনের বাড়ি থেকে বাছুরসহ দুটি গরু চুরি হয়েছে। চুরি যাওয়া গরু দুটির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক সোহাগ হোসেন জানান, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা তার গোয়ালঘর থেকে বাছুরসহ দুটি গরু চুরি করে নিয়ে যায়। পরে তিনি বিষয়টি জানতে পারেন। চোরেরা একটি গাড়িতে করে গরু দুটি বহন করে নিয়ে গেছে বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় গরু চুরি নিয়ে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক সোহাগ হোসেন চুরি যাওয়া গরু উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।






























