কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনকে সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব

নন্দিত কথাসাহিত্যিক ও প্রখ্যাত নাট্যকার ইমদাদুল হক মিলনকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের গৌরীপুরে প্রেসক্লাব।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ইমদাদুল হক মিলনের হাতে সম্মাননা ক্রেস্ট দিয়ে তাকে সংবর্ধিত করেন প্রেসক্লাবের সদস্যরা।
কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, বই মানুষকে ভেতর থেকে বদলে দেয়। বইয়ের শক্তির সাথে পৃথিবীর অন্যকোন শক্তির তুলনা নেই। একটা বই যদি কেউ মন দিয়ে পড়ে তাহলে মনের ভেতরটা বদলে যাবে। আমরা রবীন্দ্রনান ঠাকুরের কবিতা পড়ে মনের ভেতর বদলে যেতে দেখি।
কাজী নজরুল ইসলামের কবিতা পড়ে আমরা উজ্জীবিত হই আমরা নানা আন্দোলেন ঝাপিয়ে পড়ার অনুপ্রেরণা পাই। এখন বই পড়া কমে যাচ্ছে। তাই প্রজন্মকে জানতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।
অতিথিদের মধ্যে বক্তব্য দেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, গৌরীপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. হারুনুর রশিদ, গৌরীপুর লেখক সংঘের সাধারণ সম্পাদক পলাশ মাজহার, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন,।
সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য আরিফ আহাম্মেদ, গৌরীপুর শুভ সংঘের সভাপতি শংকর ঘোষ পিলু, সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইমদাদুল হক মিলন পাঠক সংগঠন বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর শাখার পক্ষ থেকে উপজেলার ২০ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন উপহার দেন।






























