পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্ট এর সামনে থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চায়না বাংলা শপিং সেন্টারের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। জাতীয়তাবাদী দল বিএনপি সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যদি কোন মিছিল বের করে তাহলে পার্শ্ববর্তী থানাকে অবিহিত করতে হবে। পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ না করে আমরা তারেক জিয়ার সৈনিকরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। নির্বাচিত সরকারের বিরুদ্ধে ছয় মাসের মাথায় ষড়যন্ত্র করবেন জ্বালাও পোড়াও করবেন আমরা মেনে নেব না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা সেটা বরদাস্ত করবো না।

প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদর থানা যুবদলের আহ্বায়ক মোঃ সুমন রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সাতক্ষীরা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সাধু ও মোস্তফা প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু।