ময়মনসিংহের গৌরীপুরে সাকিব হত্যার বিচার চেয়ে রাস্তা অবরোধ করে মানববন্ধন

ময়মনসিংহের গৌরীপুরে সাকিব আহমেদ হত্যার বিচার চেয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ৭নং রামগোপালপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এর ব্যানারে রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বাবা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ, স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান, মিলন মিয়া প্রমুখ।
বক্তারা সাকিবকে হত্যা করা হয়েছে দাবী করে সাকিব হত্যার দ্রুত বিচার দাবী করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, সাকিবের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সাকিবের মৃত্যুর রহস্য উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য যে, উপজেলার রামগোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ২য় ছেলে সাকিব আহমেদের মরদেহ বাড়ির পাশের পুকুরে ভাসতে থাকাবস্থায় ২০ সেপ্টেম্বর সকালে উদ্ধার করে গৌরীপুর থানা পুলিশ।