ঝালকাঠির কাঠালিয়ার ছৈলারচরকে ইকোট্যুরিজম হাব করার উদ্যোগ

প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ঝালকাঠির কাঠালিয়ার ছৈলারচরকে ঘিরে পর্যটন অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ছৈলারচরকে কেন্দ্র করে পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) কাঠালিয়ার ছৈলারচরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। এর আগে সকালে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

আলোচনা সভায় বক্তারা বলেন, নদী, প্রকৃতি ও নৈসর্গিক সৌন্দর্যের কারণে ছৈলারচরের রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। পরিকল্পিত উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো, পর্যটকদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ এবং ব্যাপক প্রচার-প্রচারণা নিশ্চিত করা গেলে এ অঞ্চলকে একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

তাঁরা আরও বলেন, পর্যটনকেন্দ্রের উন্নয়নের সঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা গেলে এর সুফল সরাসরি স্থানীয় অর্থনীতিতে পড়বে। তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ, বাড়বে ক্ষুদ্র ব্যবসা ও পর্যটননির্ভর নানা ধরনের সেবা কার্যক্রম।

অনুষ্ঠানে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।