খাগড়াছড়িতে দুর্গাপূজার অনুদানের চেক হস্তান্তর, বিজিবির কঠোর নিরাপত্তা

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে দুর্গাপূজার অনুদানের চেক হস্তান্তর করেছে। এতে ২৮পূজামন্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা, ৯প্লাটুন মোতায়েন করেছে। জেলার ৯টি উপজেলা বিভিন্ন দুর্গাপূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ করা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮নং আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত।
এদিকে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে খাগড়াছড়ি সদরসহ সীমান্তবর্তী ৯টি বিভিন্ন উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। খাগড়াছড়ি বিজিবি সেক্টরের আওতাধীন ২৮টি পূজামন্ডপের নিরাপত্তায় মোট ৯প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।
পূজামন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবির গৃহীত নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ এবং খাগড়াছড়ি ব্যাটালিয়ন(৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শাহারিয়ার রাজীব।
পরিদর্শনকালে তাঁরা খাগড়াছড়ি পৌরসভা এলাকার শ্রীশ্রী ল²ীনারায়ণ মন্দির, শ্রীশ্রী জগন্নাথ মন্দির, খাগড়াপুর শ্রীশ্রী অখন্ডমন্ডলী পূজামন্ডপসহ বিভিন্ন পূজামন্যপ ঘুরে দেখেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীসহ সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা, স্বস্তি ও আস্থা নিশ্চিত করতে খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।



























