খাগড়াছড়ির রামগড়ে যুবকের মৃত্যু, পরিবারের দাবি মানসিক রোগে ভুগছিলেন

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা ২নং পাতাছড়া ইউনিয়নে মো: বাদশা মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি মানসিক রোগে ভুগছিলেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে পাতাছড়া ইউনিয়নের ২নং ওয়াডের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত বাদশা মিয়া ওই এলাকার মো: আব্দুর রহিম মিয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বাদশা মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কুমিল্লা ও চট্টগ্রামে চিকিৎসা নিয়েছিলেন বলে তার স্ত্রী জানিয়েছেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হাসপাতাল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



























