লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি। বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের শুন্যরেখা বরাবর অবস্থান করছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ওই সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ২ শিশু, ২ নারী ও ৮ পুরুষকে একযোগে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অবস্থান নেয় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বিজিবির বাধায় বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয় সূত্র জানায়, ওই ১২ জন বর্তমানে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাঁদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহিনুল ইসলাম পিএসসি ইন্জিনিয়ার্স
বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের পুশইনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।






























