রাঙামাটিতে যুবলীগ-ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. নুর উদ্দিন সোহাগ, যুবলীগের ৭ নম্বর পৌর ওয়ার্ডের সহসভাপতি মো. সাদ্দাম হোসেন, পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দাশ, ছাত্রলীগ কর্মী মো. পারভেজ মোশারফ হোসেন, আরিয়ান রিয়াজ, যিশু চৌধুরী, মো. রাকিব ও নাজমুল সাকিব রাফি। এ ছাড়া রয়েছেন আওয়ামী যুবলীগ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মো. হানিফ এবং শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।