লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় হাসপাতালের ল্যাব এসিস্টেন্ট নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রবিউল ইসলাম (৩৫) নামে এক ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাকিনা চাপারতলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কর্মস্থল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলাম। পথিমধ্যে কাকিনা চাপারতল ফিলিং স্টেশনে পৌঁছালে পেছন দিক থেকে বুড়িমারীগামী পাথরবোঝাই একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়; এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঞ্জুরে মওলা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।