নেত্রকোণায় ৩০ নারীকে হস্তশিল্প প্রশিক্ষণ

নেত্রকোণার চল্লিশা ইউনিয়নে ৩০ জন বেকার ও যুব নারীকে নিয়ে ৮০ কর্মদিবসের অপ্রাতিষ্ঠানিক হস্তশিল্প প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লাইট গ্রামে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে চলতি অর্থবছরের এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংস্থার সভানেত্রী আসমা আক্তার বিথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন।
বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, রেনেসাঁ যুব উন্নয়ন সংস্থার সভাপতি আফরোজা আক্তার লিজা এবং নবরুহ যুব উন্নয়ন সংস্থা সভাপতি মিনা আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হস্তশিল্প প্রশিক্ষণের মাধ্যমে বেকার ও পিছিয়ে পড়া নারীদের দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। প্রশিক্ষণ শেষে নারীরা যেন নিজেদের উদ্যোগে কাজ শুরু করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব দেন তারা।
বক্তারা আরও বলেন, নারীদের দক্ষ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






















