উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে আমাকে (নুরুল আমিন) জড়িয়ে “নাইক্ষ্যংছড়িতে মাদক কারবারির বেপরোয়া তৎপরতা” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রতিবেদনে আমাকে ‘মাদক কারবারি’ ও ‘আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স’ হিসেবে আখ্যায়িত করে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃতপক্ষে, আমি কোনো ধরনের মাদক ব্যবসা কিংবা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত শত্রুতা ও সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে।
প্রতিবেদনে উল্লেখিত কথিত অডিও রেকর্ড সম্পর্কেও আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, আধুনিক প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ভুয়া বা বিকৃত অডিও তৈরি করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হতে পারে। উক্ত অডিওর কোনো আইনগত বা বাস্তব ভিত্তি নেই।
এছাড়া, আমি কখনো কোনো আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করিনি। একজন সচেতন নাগরিক হিসেবে আমি সবসময় দেশের আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল।
সংবাদে এলাকাবাসীর বরাত দিয়ে যে আতঙ্ক ও অভিযোগের কথা বলা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। মূলত আমার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করাই এ অপপ্রচারের মূল উদ্দেশ্য।
আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম, প্রশাসন ও সচেতন পাঠকমহলের প্রতি অনুরোধ জানাচ্ছি, যথাযথ যাচাই-বাছাই ছাড়া এ ধরনের একপাক্ষিক ও মানহানিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য।
একই সঙ্গে, যারা মিথ্যা তথ্য প্রচার করে আমার ও আমার পরিবারের সম্মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার আমি সংরক্ষণ করছি।
প্রতিবাদকারী
নুরুল আমিন
বিছামারা, নাইক্ষংছড়ি, বান্দরবান

















