কক্সবাজারের রামুতে ব্যতিক্রমধর্মী রচনা প্রতিযোগিতা: শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার উচ্ছ্বাস

কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও লেখনী দক্ষতা বিকাশে ব্যতিক্রমধর্মী “রচনা প্রতিযোগিতা” উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে শুরু হয়ে সকাল ১০টায় শেষ হওয়া এ আয়োজনে কচ্ছপিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

কচ্ছপিয়া মানব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীল চিন্তাভাবনা, জ্ঞান ও লেখনী দক্ষতার পরিচয় দিয়ে উপস্থিত অতিথি ও দর্শকদের প্রশংসা কুড়ায়। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, উৎসাহ ও আগ্রহ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম, মাওলানা মুফিজ আহমদ, জাহিদুল ইসলাম এবং মাওলানা মাইনুদ্দিন। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং এ ধরনের শিক্ষামূলক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

আয়োজকরা জানান, বর্তমান প্রজন্মকে জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সাহিত্যচর্চা এবং সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শিক্ষামুখী ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমধর্মী কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের আয়োজনে ছিল “কচ্ছপিয়া মানব কল্যাণ ঐক্য পরিষদ” এবং সার্বিক সহযোগিতায় ছিল “কচ্ছপিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন”। আয়োজক ও সহযোগী সংগঠনের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় পুরো আয়োজন সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।