কুড়িগ্রামের রাজারহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক, এডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব শাইদুল ইসলাম যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী, ছাত্রদলের আহবায়ক রুবেল পাটোয়ারী সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম, যুগ্ম আহবায়ক খালিদ হাসান খোকনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ছিল দেশের বহুদলীয় গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করা। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলের নেতাকর্মীরা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। আগামী দিনেও গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।






























